কেমিক্যাল অপসারণে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট

পুরান ঢাকার চকবাজারের চূড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্বজন ও আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। পাশাপাশি প্রায় ১০ বছর আগে পুরান ঢাকায় নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির দেওয়া ১৭ দফা সুপারিশ অনুসরণে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে আবেদনে।

মানবাধিকার সংগঠন ব্লাস্টসহ বেশ কয়েকটি সংগঠন ও ব্যক্তির পক্ষে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ সম্পূরক আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন।

তিনি জানান, নিমতলীর ওই ঘটনার পর তদন্ত কমিটি ১৭ দফা সুপারিশ করেছিল। এর মধ্যে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে রাসায়নিক পদার্থের সকল কারখানা সরানোর নির্দেশনা ছিল। যদি ওই নির্দেশনা অনুসরণ করা হতো তাহলে চকবাজারের এই মর্মান্তিক ঘটনা ঘটতো না।

তিনি বলেন, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত যে ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে তা পর্যাপ্ত নয়। যে ক্ষতি হয়েছে তা সারা জীবনের জন্য। ৫০ হাজার বা ১ লাখ টাকা দিয়ে এটি পূরণ হবে না। এখন ক্ষতিপূরণের মাপকাঠি কি হবে সে বিষয়ে হাইকোর্টের নির্দেশনা চেয়েছি। যাদের ব্যর্থতায় চকবাজারের এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়েছি।

তিনি জানান, দুয়েক দিনের মধ্যে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চ এ বিষয়ে শুনানি হবে।