হ্যাটট্রিক করায় মেসির অর্ধশতক

ক্লাব ফুটবলের অধিকাংশ রেকর্ড নিজের করে নেওয়া লিওনেল মেসি এবার গোল করায় স্পর্শ করেছেন দারুণ এক মাইলফলক। হ্যাটট্রিক গোল করায় অর্ধশতক পূর্ণ করেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার!

লা লিগায় শনিবার সেভিয়াকে ৪-২ গোলে হারায় বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে এক পর্যায়ে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়লেও মেসির নৈপুণ্যে শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় পায় এরনেস্তো ভালভেরদের দল। হ্যাটট্রিক করে সব আলো কাড়েন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

ক্যারিয়ারে এই নিয়ে ক্লাব ও দেশের হয়ে ৫০তম হ্যাটট্রিক করলেন মেসি। এর মধ্যে ৪৪বার হ্যাটট্রিক করেছেন বার্সেলোনার হয়ে; ছয়বার আর্জেন্টিনার হয়ে। হ্যাটট্রিক করা ম্যাচগুলোতে মেসি পাঁচ গোল করেছেন একবার; চার গোল করেছেন পাঁচবার।

মেসির তার পঞ্চাশ হ্যাটট্রিকের মধ্যে লা লিগাতেই করেছেন ৩২টি। আর দুটি হ্যাটট্রিক করলে স্পেনের শীর্ষ লিগে হ্যাটট্রিক করায় রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে স্পর্শ করবেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়।

সব ধরনের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি হ্যাটট্রিক করায় এখনও শীর্ষে রয়েছেন রোনালদো, ৫১ বার। এর মধ্যে ৪৪ বার হ্যাটট্রিক করেছেন রিয়ালের হয়ে, ছয়বার পর্তুগালের হয়ে এবং একবার ম্যানচেস্টার ই্‌উনাইটেডের হয়ে।

একটি হ্যাটট্রিক করতে পারলে রোনালদোর এই রেকর্ডেও ভাগ বসাবেন মেসি।

শনিবারের ম্যাচটির মধ্য দিয়ে একটি রেকর্ডও গড়েছেন বার্সেলোনা অধিনায়ক। লা লিগায় কোনো এক দলের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করার কীর্তিটি এখন তার দখলে।

ম্যাচের ২৬তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে দলকে প্রথমবার সমতায় ফেরানো গোলটি দিয়েই রেকর্ডটি নিজের করে নেন আর্জেন্টাইন তারকা। সেভিয়ার বিপক্ষে এটি তার ২৬তম গোল। এতদিন সমান ২৫টি করে গোল করে লা লিগায় কোনো এক দলের বিপক্ষে সর্বোচ্চ গোলের যৌথ মালিক ছিলেন মেসি ও রোনালদো। এটা ছাড়িয়ে এক দলের বিপক্ষে এবার মেসির গোল সংখ্যা দাঁড়াল ২৮টি!