ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ছাত্রদল নেত্রীর রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদের পক্ষে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করা হয়।

রিটকারীর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানান, ফাহমিদা মজিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করায় তিনি সংক্ষুব্ধ হয়ে এ রিট আবেদনটি করেন। সোমবার সংশ্লিষ্ট একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

রিট আবেদনে ওই নির্বাচন স্থগিত চাওয়ার পাশাপাশি ফাহমিদা মজিদের নাম ভোটার তালিকায় কেন অন্তর্ভুক্ত করা হবে না এ মর্মে রুল চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রায় তিন দশক পর আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদের বহুল প্রত্যাশিত এ নির্বাচনে আলোচনায় রয়েছে ছাত্রলীগ ও ছাত্রদলসহ চারটি সম্ভাব্য প্যানেল।