সম্প্রতি নতুন নতুন নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে আলোচনার জন্ম দিচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। নতুন নায়িকাদের সঙ্গে জুটি গড়া নিয়ে যেমন তিনি আলোচনায় থাকেন তেমনি অনেক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রাটও সৃষ্টি হয়। এই তো কিছুদিন আগেই বলা হলো চিত্রনায়িকা মৌমিতা মৌ কাজ করবেন শাকিব খানের বিপরীতে। কিন্তু পরে হঠাৎ করে প্রযোজক বললেন খবরটি ভুয়া। এবার শোনা গেল মডেল রানী আহাদ শাকিবের নায়িকা হতে যাচ্ছেন এ নিয়ে গণমাধ্যমে সংবাদও হলো। কিন্তু আজ শোনা গেল শাকিব খানের নতুন ছবি পাসওয়ার্ডে থাকছেন না রানী আহাদ।
এ প্রসঙ্গে দেশ রূপান্তরকে প্রযোজক মো. ইকবাল বলেন, ‘কে বলেছে আমার ছবিতে নায়িকা হিসেবে রানী থাকছে? আমরা কোনো কিছুই ফাইনাল করিনি। তবে এটা ঠিক যে রানীর সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। প্রাথমিক আলাপ হলেই যে নায়িকা হয়ে গেল এমন তো কোনো কথা নেই।’
তবে নায়িকা কে হচ্ছে? এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘এখনো কোনো কিছু ঠিক করিনি। শাকিব খানের পছন্দেই নায়িকা চূড়ান্ত করা হবে। আমরা ভাবছি কাকে নেওয়া যায়। পুরো টিম মিলে সিদ্ধান্ত নিব কাকে নেওয়া যায়। শিগগিরই আমরা নতুন নায়িকার নাম ঘোষণা করব।’
ত্রিভুজ প্রেমের গল্পে শাকিব খানের সঙ্গে থাকবেন শবনম বুবলী। দ্বিতীয় নায়িকা হিসেবে রানী আহাদকে নেওয়ার কথা ভাবা হয়। কিন্তু একটি সূত্র জানিয়েছে শাকিব খান ও বুবলীর আপত্তির কারণেই রানীকে নেওয়া হচ্ছে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।
মালেক আফসারী পরিচালিত এ ছবিটির সহপ্রযোজক হিসেবে থাকছেন শাকিব খান নিজেও। ২৬ ফেব্রুয়ারি থেকে ছবিটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা ছাড়াও দেশের বেশ কয়েকটি স্থানে এর দৃশ্যধারণ হবে। দেশের বাইরেও শুটিং হওয়ার কথা রয়েছে।