ডাকসু: ছাত্রলীগের মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের মনোনয়ন বঞ্চিতরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। এর আগে, রোববার ডাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হয়। 

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় মনোনয়ন না পাওয়ায় ফজলুল হক হলের ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

জানা যায়, ফজলুল হক হল সংসদের ভিপি হিসেবে শাহরিয়ার সিদ্দিক সিসিমকে মনোনয়ন দেওয়ায় হল ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিকেলে ‘মানিনা মানব না; এই ভিপি মানব না’ স্লোগান দিয়ে মিছিল বের করেন নেতা-কর্মীরা। অবস্থা বেগতিক দেখে সিসিম তার রুমে চলে যান। এসময় বিক্ষোভকারীরা তার রুমের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। তবে, বিক্ষোভকারীরা হলের জিএস পদে মনোনয়ন পাওয়া মাহফফুজুর রহমানকে স্বাগত জানান।

ওই হলের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, বিক্ষোভের বিষয়ে কিছু শুনিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, শিশিম চানখাঁরপুলে বনফুল মিষ্টির দোকানে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িত। সাধারণ শিক্ষার্থীদের কেউ তাকে পছন্দ করে না। তাই ভিপি হিসেবে তাকে মনোনীত করায় শিক্ষার্থীরা ক্ষোভে মিছিল দেয়।