কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তা নিহত

ভারতের জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন সেনা সদস্য। 

এনডিটিভি জানায়, কুলগামের তুরিগ্রাম এলাকায় স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অভিযানে নামে আইনশৃংখলা বাহিনী। এ সময় তারা স্বাধীনতাকামীদের বাধার সম্মুখীন হন। এতে দুইপক্ষের বন্দুকযুদ্ধে নিহত হন পুলিশের ডিএসপি আমান কুমার।

১৪ ফেব্রুয়ারি বিকেলে পুলওয়ামায় ভারতের সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় নিহত হন ৪৯ জন সেনা। কাশ্মীরভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। যদিও ভারত শুরু থেকে পাকিস্তানকে দায়ী করছে। সেই থেকে ওই অঞ্চলে যুদ্ধের আবহাওয়া বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে শনিবার বাধ্য হয়ে জম্মু ও কাশ্মীরে অতিরিক্ত ১০ হাজার আধাসামরিক বাহিনী নিয়োগ করেছে ভারত সরকার।