বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে কথা বলার, ঘোরা ফেরার ন্যায্য অধিকার তাদের পাওয়া উচিত।
রবিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে জুলফিকার আলী লুলু অডিটোরিয়ামে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তরুণ এ সংসদ সদস্য বলেন, এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমার ভূমিকা থাকবে। এ জন্য আমার রাজনৈতিক দল এবং বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। ভালোটা জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা, আদর্শ, নীতি, মানুষের সেবা এটা আমার দলের নেত্রীর আদর্শ। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে এখানে আমার রাজনীতি করতে আসা। সকলকে নিয়েই তো সমাজ।
একাদশ নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে তিনি বলেন, গত নির্বাচনে প্রচার প্রচারণার সময় আমার দু চারটি প্রত্যাশার কথায় হয়তো এখানকার জনগণ স্বপ্ন দেখেছেন, প্রত্যাশা করেছেন, হয়তো মনে করছেন ভবিষ্যতে হয়ই সুন্দর একটা জীবন ফিরে পাবেন বা শান্তিতে থাকবেন। এটার জন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে। আমি এককভাবে যদি চেষ্টা করি তাহলে তা ব্যর্থ হয়ে যেতে পারে। তবে আমি যেটা বলেছি সেটা থেকে পিছু হটবো না। আমি আপনাদের কথা দিয়েছে আমি আমার কথা রাখব। আমার চেষ্টা থাকবে সেখানে ব্যর্থতা সফলতা আল্লার উপড়ে। আমার সবে মাত্র ৩২ বছর বয়স। আমার হারানোর কিছু নেই। তবে এ ক্ষেত্রে আমার বা আমার দলের কারও ভূমিকা থেকে থাকে তাহলে তা প্রচার করবেন।
গত জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার জন্যও তিনি ধন্যবাদ জানিয়েছেন।
মত বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন।
এর আগে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত আন্ত:কক্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাংসদ শেখ সারহান নাসের তন্ময়।