ভারতের বিরুদ্ধে লড়তে ৫০টি পারমানবিক বোমা হামলা চালাতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। শুক্রবার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, দুবাইতে মোশারফ বলেন, “একটি পারমানবিক বোমা নিক্ষেপ করলে ভারত পাল্টা ২০টি বোমা ছুঁড়ে পাকিস্তান ধ্বংস করে দিবে। এ জন্য শুরুতেই আমাদের উচিত ৫০টি বোমা নিয়ে ভারতে হামলা করা।”
১৪ ফেব্রুয়ারি বিকেলে পুলওয়ামায় ভারতের সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় নিহত হন ৪৯ জন সেনা। কাশ্মীরভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন জইশ-ই-মুহাম্মদ এ হামলার দায় স্বীকার করে।
যদিও ভারত শুরু থেকে পাকিস্তানকে দায়ী করছে। সেই থেকে ওই অঞ্চলে যুদ্ধের আবহাওয়া বিরাজ করছে। এ প্রেক্ষিতে এমন মন্তব্য করলেন মোশারফ।
গ্রেফতারের আশঙ্কায় পাকিস্তানের বাইরে আছেন মোশারফ । ১৯৯৯ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট হন তিনি। দশ বছর তিনি দায়িত্ব পালন করেন।
মোশারফ বলেন, “দেশের রাজনৈতিক পরিস্থিতি আগের থেকে ভাল। দেশের অর্ধেকেরও বেশি মন্ত্রী আমার কথা শোনেন। এখনকার আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল দুইজনেই আমার আইনজীবী ছিলেন।”