মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখায় পর্যায়ক্রমে মোট ১ হাজার ৭০০ জন বিদেশিকে স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হবে। ইতিমধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ ৩৩৯ জনকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
রবিবার জাতীয় সংসদে সরকারি দলের মেজর (অব.) রফিকুল ইসলামের (বীর উত্তম) প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে ২০১১ সালের ২৫ জুলাই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্বাধীনতা সম্মাননা দিয়ে শুরু হয়ে ২০১৫ সালের ৭ জুন ৮ম পর্যায় পর্যন্ত মোট ৩৩৯ জন বিদেশিকে স্বীকৃতি দেওয়া হয়েছে।’
মোজাম্মেল হক জানান, মুক্তিযুদ্ধে অবদান রাখায় ২০১১ সালে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা স্মারক দেওয়া হয়। এ ছাড়া ৫ম পর্যায়ে ২০১৩ সালের ৪ মার্চ মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করা হয় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে এবং ২০১৫ সালের ৭ জুন সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে এ সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদানকারীদের মধ্যে শীর্ষে ভারতের ২১৭ জন ব্যক্তি এবং ১০টি প্রতিষ্ঠান, এরপরই রয়েছে যুক্তরাষ্ট্রের ২৬ জন, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের ১৭ জন ব্যক্তি, যাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি নাগরিককে যে সম্মাননা প্রদান করা হয়েছে তার জন্য কারো কাছ থেকে কোনো আবেদন চাওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে বিদেশি এসব বন্ধু ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়।
সরকারি দলের অপর সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির অন্য এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের লক্ষ্যে যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করা হয়েছে। আসছে ২৬ মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।