আসামে বিষাক্ত মদে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিষাক্ত মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩ হয়েছে বলে জানিয়েছে এএফপি। গতকাল রবিবার রাজ্য পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানায়, কিছুদিন আগেই উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডে বিষাক্ত মদপানে একশ জনের মৃত্যুর পর এটাই সবচেয়ে বড় মৃতের ঘটনা।

অসুস্থ অবস্থায় রাজ্যর বিভিন্ন হাসপাতালে আরও সাড়ে তিনশ মানুষ ভর্তি আছেন বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ হাজার লিটার দেশি মদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাট জেলার চা বাগানের শতাধিক শ্রমিক গত বৃহস্পতিবার সাপ্তাহিক বেতন পাওয়ার পর স্থানীয়ভাবে তৈরি দেশি মদ ‘হোচ’ পানে অসুস্থ হয়ে পড়েন।

গোলাঘাট সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘ভেজাল দেশি মদ’ খাওয়ার কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে। একই রকম ঘটনা ঘটে জরহাট জেলায়। দুই জায়গাতেই তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের তদন্ত দল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।  

২০১১ সালে পশ্চিমবঙ্গে একই ধরনের ঘটনায় ১৭২ জনের মৃত্যু হয়েছিল।