সভায় প্রতিমন্ত্রী

জাপানে শ্রমবাজার বাড়াতে উদ্যোগ নেওয়া হবে

জাপানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের শিগগির উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশের যুব সমাজ অনেক দক্ষ। অন্যদিকে জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দুইয়ে মিলে এক হবে। গতকাল রবিবার প্রবাসী কল্যাণ ভবনে ‘শূন্য অভিবাসন ব্যয়ে তৃতীয় ব্যাচের টেকনিক্যাল ইন্টার্নদের জাপান গমন’ উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আইএম জাপান) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিয়োই ইয়ানগিসাওয়া বলেন, ‘বিনা পয়সায় জাপানে যাওয়ার সুযোগ দেওয়ার অন্যতম কারণ হলোÑদক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আপনার যাতে উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।’ আরও বক্তব্য দেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান।