মহিউদ্দিন চৌধুরীর প্রশংসায় প্রধানমন্ত্রী

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খনন কাজ উদ্বোধন শেষে চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ভূমিকা স্মরণ ও তার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার উদ্বোধন-পরবর্তী সুধী সমাবেশে তিনি বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী, যিনি চট্টগ্রামের মেয়র ছিলেন; তিনি এই টানেল নির্মাণের দাবিতে আন্দোলন করেছিলেন। কারণ কর্ণফুলী নদীর ওপর দিয়ে একাধিক সেতু করলে নদীতে পলি জমাট হয় এবং তাতে নদীর ক্ষতি হয়। আর টানেল করতে পারলে পরে নদীর সেই ক্ষতিটা হবে না, এটাই ছিল তার যুক্তি এবং এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ তিনি (মহিউদ্দিন চৌধুরী) থাকলে সব চেয়ে বেশি আনন্দিত হতেন। কারণ সবসময় আন্দোলনে-সংগ্রামে মুক্তিযুদ্ধে তার যথেষ্ট অবদান রয়েছে। এখন টানেল হবে এবং চট্টগ্রামবাসী আর্থ-সামাজিক ক্ষেত্রে তার ব্যাপক সুফল ভোগ করবে।’ এ সময় মঞ্চের সামনে অতিথির সারিতে বসা মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চোখের পানি মুছতে দেখা যায়।