চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলা মুজফ্ফরাবাদ এলাকায় দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলা মুজফ্ফরাবাদ এলাকায় মুরাদাবাদ ৪নং ওয়ার্ডের মাইজপাড়ার আ. সালামের ছেলে মো. সুমন (২৮) ও তার শ্যালক প্রবাসী মো. করিম (৩০)

বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালের দায়িত্বরত ডা. মানিক চন্দ্র দে জানান, স্থানীয়রা দুর্ঘটনায় আহত শালা-দুলাভাইকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে আনার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার এসআই শামসুল আলম জানান, সুমন ও করিম চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। চন্দনাইশ মুজাফ্ফরাবাদ নামক স্থানে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।