সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘গ্রিন বুক’ অস্কারের ৯১তম আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে। সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এই পুরস্কার ঘোষণা করা হয়।
এক মেধাবী কৃষ্ণাঙ্গ পিয়ানোবাদক ও তার শ্বেতাঙ্গ ইতালিয়ান-আমেরিকান গাড়িচালককে নিয়ে ছবির কাহিনি। ছবিটি গোল্ডেন গ্লোবে তিনটি পুরস্কার পায়। বাফটাতে একটি।
এই ছবিটি নিয়ে বেশ বিতর্ক আছে। যাকে নিয়ে ছবির গল্প, তার পরিবারের সদস্যরা ছবিটি নিয়ে নাখোশ।
গ্রিন বুক ছাড়া এবারের আসরে সেরা ছবির মনোনয়ন পায় ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক ক্ল্যান্সম্যান, বোহিমিয়ান র্যাপসডি, দ্য ফেভারিট, রোমা, আ স্টার ইজ বর্ন ও ভাইস।
পুরস্কার নেয়ার সময় ছবিটির লেখক, প্রযোজক এবং পরিচালক পিটার ফারেলি বলেন, ‘এটি ভালোবাসার গল্প।’
‘গ্রিন বুক’ পাঁচটি বিভাগে মনোনয়ন পায়। পুরস্কার জিতেছে মোট তিনটিতে।
সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। ইতিহাস নির্ভর ছবি ‘দ্য ফেভারিট’এ অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পান। অন্যদিকে বোহিমিয়ান র্যাপসোডি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান মার্কিন অভিনেতা রামি মালেক।