বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১০ জনের বিরুদ্ধে চলমান বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলবে বলে আদেশ দিয়েছেন আদালত।

২০০৯ সালে আমিনুল হকের মামলা বাতিল প্রশ্নে দেওয়া রুল খারিজ করে সোমবার এ রায় দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনিক আর হক।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এ মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানির দিন ধার্য আছে।

২০০৯ সালের সেপ্টেম্বরে এ মামলা বাতিল চেয়ে ফৌজদারি বিবিধ আবেদন করেন আমিনুল হক। শুনানি নিয়ে ওই বছরের ১৩ সেপ্টেম্বর রুল জারি ও  মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। পরবর্তীতে ওই স্থগিতাদেশ তুলে নেন হাইকোর্ট।