নিরমা বিক্রি করে আড়াই হাজার কোটি রুপির মালিক

‘ওয়াশিং পাউডার নিরমা, ওয়াশিং পাউডার নিরমা! দুধ সি সফেদি নিরমা সে আয়ি।’ ভারতীয় ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনটি বাংলাদেশেও পরিচিত। কাপড় ধোয়ার পাউডারটি শুরুতে বিক্রি হতো মাত্র ৩ রুপিতে। তার বদৌলতে বর্তমানে আড়াই হাজার কোটি রুপির মালিক গুজরাটের ব্যবসায়ী কারশানভাই প্যাটেল।

১৯৬৯ সালে কারশানভাই ডিটারজেন্ট পাউডারের উৎপাদন শুরু করেন। তার মেয়ের নাম ছিল নিরুপমা। ডাকনাম নিরমা। মেয়ের নামেই তিনি ডিটারজেন্ট পাউডারের নাম রাখেন ‘নিরমা’।

কিন্তু একটি দুর্ঘটনায় কারশানভাইয়ের মেয়ের মৃত্যু হয়। ওই সময় তিনি সাইকেলে করে আহমেদাবাদের বাড়িতে বাড়িতে ডিটারজেন্ট পাউডার বিক্রি করা শুরু করেন।

মাত্র ৩ টাকা কেজি দরে নিরমা ডিটারজেন্ট পাউডার বিক্রি শুরু করেন কারশানভাই। বাজারের সবচেয়ে সস্তা ডিটারজেন্ট পাউডার হিসাবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে নিরমা। এর পরে টিভিতে বিজ্ঞাপন দেওয়া শুরু করেন তিনি। দেখতে দেখতে সারা ভারতেই জনপ্রিয়তা লাভ করে ‘ওয়াশিং পাউডার নিরমা’।

১৯৮৫ সালে দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিটারজেন্ট পাউডারের তালিকার শীর্ষ চলে আসে নিরমার নাম। নিরমার ব্যাপক জনপ্রিয়তার দৌলতে কারশানভাই প্যাটেল বর্তমানে প্রায় আড়াই হাজার কোটি রুপি সম্পত্তির মালিক।

মেয়ের নামে ব্যবসা, তাই ডিটারজেন্ট পাউডারের প্যাকেটের ওপর মেয়ের ছবি থাকা চাই! মেয়ের একটা ফ্রক পরা ছবি দিয়ে একটি বিজ্ঞাপনী সংস্থাকে ডিটারজেন্ট পাউডারের প্যাকেটের ওপর নিরমার ছবি আঁকার বরাত দেন তিনি। বম্বে অ্যাডভারটাইজিং কোম্পানির এক বাঙালি চিত্রশিল্পী নিরমা গার্লের ছবি আঁকেন। সেই বাঙালি ইলাস্ট্রেটরের নাম ধীরেন্দ্রনাথ সুর।