ডিএনসিসি নির্বাচনে ২৪ ঘণ্টা যানচলাচলে নিষেধাজ্ঞা

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর ২৪ ঘণ্টা এবং মোটরসাইকেল চলাচলের ওপর ৫৪ ঘণ্টার নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে এরই মধ্যে নির্দেশনাও পাঠিয়েছেন ইসি উপ-সচিব মো. আতিয়ার রহমান।

ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম সোমবার জানান, সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মোটরসাইকেল বন্ধ থাকবে তিন দিন। আর অন্যান্য যান একদিনের জন্য বন্ধ থাকবে।

আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি’র মেয়র পদে উপনির্বাচন ও ২০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা থেকে শুক্রবার (১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত তিনদিনের জন্য মোট ৫৪ ঘণ্টা মোটরসাইকেল চলাচল একদম নিষেধ। আর ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত, ২৪ ঘণ্টা জন্য অন্য সব যান চলাচল বন্ধ থাকবে।

তবে বিমানবন্দরগামী যাত্রী বহনের গাড়ি এবং বিদেশ থেকে আসা যাত্রী ও তার আত্মীয়স্বজনের চলাচলের জন্য গাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এ জন্য প্লেনের টিকিট তথা উপযুক্ত প্রমাণ সঙ্গে রাখতে হবে। বিদেশি কূটনৈতিক ও দূতাবাসে কর্মরত দেশি-বিদেশিদের চলাচলের গাড়িও এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

 ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আরও জানান, রাজধানীর অংশ হওয়ায় ডিএনসিসির ভেতর দিয়েই আন্তজেলা পরিবহন চলাচল করবে। এ ক্ষেত্রে সংযোগ সড়ক এসবের আওতায় পড়বে। আবার প্রধান প্রধান রাস্তায় যান চলাচল করবে। তাই জনগণের অসুবিধার কথা চিন্তা করে ডিএনসিসির মধ্যে মহাসড়ক ছাড়াও আন্তজেলা বা মহানগর থেকে বাইরে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা ওইরকম রাস্তায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।