ফুটপাত থেকে গরিব হকার উচ্ছেদ না করে যারা আবাসিক এলাকায় কেমিক্যালের গুদাম করে মানুষ পুড়িয়ে মারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
সেলিম বলেন, গরিব হকারদের পেটে লাথি না মেরে, যারা আবাসিক এলাকায় কেমিক্যালের গুদাম করে মানুষ পুড়িয়ে মারে তাদের উচ্ছেদের ব্যবস্থা করেন। দুর্নীতি করে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
সারা দেশে এখন ১০ লাখ হকার জানিয়ে বাম এ নেতা বলেন, ফুটপাতে যারা কেনাকাটা করেন তারা সবাই স্বল্প আয়ের মানুষ। এরা বড় বড় শপিং মলে কেনাকাটা করতে পারে না। হকার উচ্ছেদ করলে এসব মানুষ যাবে কোথায়?
সেলিম বলেন, পাশের দেশ ভারতের হকারদের জন্য ভেন্ডার আইন করা হয়েছে। সেখানে বলা আছে, ফুটপাতের এক-তৃতীয়াংশ হকাররা ব্যবহার করতে পারবে। কলকাতায় যদি এ আইন থাকে। তাহলে বাংলাদেশে কেন এ আইন থাকবে না জানতে চাই? এ সময় উপস্থিত ছিলেন, হকার্স ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপদেষ্টা হামিদুল ইসলাম, বাম নেত্রী জলি তালুকদারসহ অনেকে।