রোববার সন্ধ্যায় বিমান ছিনতাইয়ের পরপরই জানা যায় পলাশের সঙ্গে সিমলার সম্পর্কের কথা। নানা মাধ্যম থেকে খবর আসে নায়িকা সিমলার প্রেমে ব্যর্থ হয়েই বিমান ছিনতাইয়ের মতো ঘটনা ঘটিয়েছেন তিনি। সিমলার নাম সামনে আসার পর থেকেই সবাই সবার মনেই কৌতুহলের জন্ম নেয়, স্বামীর মৃত্যুতে সিমলার অনুভূতি কি? সিমলা এখন কোথায় আছেন?
সারা দিন খোঁজাখুঁজি শেষে সন্ধ্যার পর পাওয়া গেল সিমলার বক্তব্য। একটি গণমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় সিমলা বলেন, ‘পলাশকে আমি চিনি প্রযোজক হিসেবে। ‘নাওর’ নামের একটি ছবির প্রোগ্রামে ওর সঙ্গে প্রথম দেখা। আর চার মাস আগে পলাশের সঙ্গে আমার ডিভোর্স হয়। ওর সঙ্গে নানা ধরনের সমস্যা চলছিল। ওর মানসিক সমস্যাটাও একটা ব্যাপার। এসব কারণেই ওর সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়।’
তিনি আরও বলেন, ‘ওর সঙ্গে তো আমার ডিভোর্স হয়ে গেছে। আমি এখন কি করতে পারি। কি করা উচিত? সে যে কাজ করেছে তা সত্যিই ক্ষতিকর একটি কাজ। এ কারণে সরকার যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে আমি অবশ্যই তাদের সহায়তা করব।’
উল্লেখ্য, ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকারী কথিত মাহাদীর পরিচয় মিলেছে। তার নাম মাহমুদ পলাশ (২৪)। ঢাকাই চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলা তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছে পলাশের পরিবার।