ইসরায়েলি বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি কারাবন্দি ফিলিস্তিনিদের বিভিন্ন নতুন ওষুধের পরীক্ষা চালাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলি এক অধ্যাপক। এই পরীক্ষা চালানোর অনুমতি ইসরায়েলি কর্র্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে বলেও তিনি দাবি করেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক মিডিয়া।
হেব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদেরা শালহাব-কেভোরকিয়ানের গবেষণায় ফিলিস্তিনিদের ওপর পরিচালিত বিভিন্ন অনৈতিক পরীক্ষার উল্লেখ করা হয়। সম্প্রতি ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি এক বন্দির মৃত্যুর পর তার মরদেহ পরিবারের কাছে ফেরত দিতে অস্বীকৃতি জানানো হয়।
নাদেরা দাবি করেন, ইসরায়েলের সামরিক সংস্থাগুলোও ফিলিস্তিনি শিশুদের ওপর অস্ত্র পরীক্ষা করছে। অধিকৃত জেরুজালেমে এই পরীক্ষা চালানো হচ্ছে। নিউইয়র্কে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অধ্যাপক নাদেরা শালহাব-কেভোরকিয়ান বলেন, হেব্রু বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্প পরিচালনার সময় তিনি এসব তথ্য পেয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন নিরাপত্তা সংস্থা তাদের নতুন উদ্ভাবিত পণ্য এবং অস্ত্র দীর্ঘমেয়াদে ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের জ্বালানি হিসেবে ব্যবহার করছে।