প্রশ্ন করে সংসদে না থাকাটা ফ্যাশন হয়ে গেছে : শেখ সেলিম

লিখিত প্রশ্ন করে সংসদে উপস্থিত না থাকাটা এক ধরনের ফ্যাশন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নকারী সাংসদ না থাকায় এমন মন্তব্য করেন তিনি। এজন্য প্রশ্নকারী অনুপস্থিত সদস্যদের সুযোগ না দিয়ে উপস্থিতদের সুযোগ দিতে স্পিকারকে অনুরোধ করেন সেলিম। আওয়ামী লীগ সাংসদ শফিকুল ইসলাম শিমুল আইনমন্ত্রীকে করা এক লিখিত প্রশ্ন উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানকে প্রশ্নটি উপস্থাপন করতে বলেন স্পিকার। এ বিষয়ে শেখ সেলিম বলেন, সদস্যরা সংসদে প্রশ্ন করে চলে যান। যারা প্রশ্ন করেন উত্তরের সময় তারা থাকেন না। সংসদে প্রশ্ন করে উপস্থিত না থাকা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন করে সংসদে উপস্থিত থাকা উচিত। আর যারা উপস্থিত আছেন তাদের প্রশ্নই নেওয়া উচিত। এরপর বিরোধী দল জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা এবং আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন উপস্থিত না থাকায় তাদের প্রশ্ন উপস্থাপন করা হয়নি। তারা উপস্থিত না থাকায় স্পিকার অন্য সদস্যের প্রশ্নে চলে যান।