২০২০ সালের ডিসেম্বরে মেট্রোরেলের কাজ শেষ হবে: সেতুমন্ত্রী

আগামী ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের পুরো কাজ এবং এ বছরের ডিসেম্বরেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে এমআরটি লাইন ৬-এর প্যাকেজ ৫-এর উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ প্রকল্পের স্টিল স্ক্রু পাইল ড্রাইভিংয়ের কাজ শুরু হয়েছে।

মেট্রোরেল নির্মাণ প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের ২৫০০ মিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩ দশমিক ১৯৫ কিমি ভায়াডাক্ট ও তিনটি স্টেশন নির্মাণের জন্য পরিষেবা স্থানান্তর ও চেকবোরিং সম্পন্ন হয়েছে। ১৯৭টি ট্রায়াল পিটের মধ্যে ৩৫টি ট্রায়াল পিট এবং ৪৫০টি বোরড পাইলের মধ্যে ৩টি বোরড পাইল সম্পন্ন হয়েছ।

আগামী এপ্রিলে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে বলে আশাবাদ প্রকাশ করে সেতুমন্ত্রী কাদের বলেন, প্রকল্পের সার্বিক (উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক) গড় অগ্রগতি ২১ দশমিক ৫০ শতাংশ এবং প্রথম পর্যায় (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) ৩৫ শতাংশ।

খবর: বাসস