‘হ্যাটট্রিক’ কীর্তিতে আলিশের পাশে মানিক

প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম দিনেই দারুণ এক কীর্তি গড়েছেন প্রাইম দোলেশ্বরের পেসার মানিক খান। বিকেএসপির বিপক্ষে নিজের অভিষেক টি-টোয়েন্টিতেই হ্যাটট্রিকের দুর্লভ নজির গড়েন ২২ বছর বয়সী ডানহাতি পেসার। ক’দিন আগেই বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তি গড়েছিলেন আলিশ আল ইসলাম। মানিক তালিকায় দ্বিতীয় সংযোজন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আগে ব্যাট করে বিকেএসপিকে ১১২ রানের লক্ষ্য দেয় প্রাইম দোলেশ্বর। লক্ষ্য তাড়া করতে নেমে ৩ রানে ৩ উইকেট হারায় বিকেএসপি।

প্রথম ওভারের পঞ্চম ও শেষ বলে উইকেট তুলে নেন মানিক। ফেরান ফরহাদ আহমেদ ও পারভেজ হোসেন ইমনকে। এরপর দলীয় তৃতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই তুলে নেন উইকেট। এবার শিকার রাতুল খান। তাতেই লেখা হয় হ্যাটট্রিকের দারুণ এই কীর্তি।

বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেকেই হ্যাটট্রিক করে ইতিহাসে নাম লিখিয়েছিলেন আলিস।