প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম দিনেই দেখা মিলল সুপার ওভারের রোমাঞ্চকর এক ম্যাচের। ফতুল্লার প্রাইম দোলেশ্বর ও বিকেএসপির মধ্যকার ম্যাচটিতে সেই রোমাঞ্চে জয় বিকেএসপির।
রোববার টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১১১ রান করে প্রাইম দোলেশ্বর। জবাবে ঠিক ১১১ রানেই শেষ হয় বিকেএসপির ইনিংস।
জয়ের জন্য শেষ ওভারে ১১ রান প্রয়োজন ছিল বিকেএসপির। দলটি ২ উইকেট হারিয়ে নিতে পারে ১০ রান। শেষ বলে দুই রান প্রয়োজন ছিল বিকেএসপির। দৌড়ে দ্বিতীয় রান নিতে গিয়ে আরাফাত সানি কাড়া পড়েন রান আউটে। তাতে টাই হয় ম্যাচ।
এরপর সুপার ওভারেও ছিল রোমাঞ্চ। যেখানে দোলেশ্বরকে ৭ রানের লক্ষ্য দেয় বিকেএসপি। দোলেশ্বর করতে পারে মাত্র ৪ রান।
ম্যাচটিতে অভিষেক টি-টোয়েন্টিতেই হ্যাটট্রিকের কীর্তি গড়েন দোলেশ্বরের পেসার মানিক খান। শেষ পর্যন্ত অবশ্য পরাজিত দলে থেকে যেতে হয়েছে তাকে। ম্যাচসেরার পুরস্কার অবশ্য হাতে ওঠেছে তার।