রাজধানীর যাত্রাবাড়ী জনপথ মোড়ে বাস কাউন্টারে দুই বাসের চাপায় মো. স্বপন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। বাস কাউন্টারে নিরাপত্তা কর্মী ছিলেন তিনি।
সোমবার সকালে বাস চাপায় আহত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বেলা একটার দিকে মারা যান।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী নুর মোহাম্মদ জানান, সকালে কাউন্টারের ভেতরে বলাকা পরিবহনের একটি মিনি বাসা দাঁড়ানো ছিলো। এ সময় আল মোবারোকা পরিবহনের একটি বাস পেছনের দিকে এসে বলাকা পরিবহনের বাসটিতে ধাক্কা দেয়। এ সময় দুই বাসের চাপায় পড়ে গুরুতরও আহত হয় স্বপন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
নিহতের চাচাতো ভাই পাভেল জানান, যাত্রাবাড়ি ৮৭ নম্বর ধলপুর সুতি খালপাড় এলাকায় থাকত স্বপন। নিহত স্বপনের বাবার নাম আলম চান। জনপদ মোড়ের বাস কাউন্টারে নিরাপত্তার কর্মীর কাজ করত স্বপন। তার স্ত্রীর নাম প্রিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।