বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশের লাশ পরিবারের কাছে হস্তান্তর

বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইচেষ্টাকারী মাহমুদ পলাশের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) জাহেদুল কবীর দেশ রূপান্তরকে জানান, পলাশের মরদেহ সোমবার রাত পৌনে ১টার দিকে তার বাবা পিয়ার জাহানকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নিহত মাহমুদ পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে পরিবারের সদস্যরা লাশ নিয়ে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছেন।

‘ময়ূরপঙ্খী’ ছিনতাইচেষ্টার ঘটনায় পতেঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চট্টগ্রাম বিমানবন্দরের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার। মামলায় নিহত মাহমুদ পলাশসহ অজ্ঞাত একজনকে আসামি করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের ময়ূরপঙ্খীর (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে রবিবার বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় আড়াই ঘণ্টার উত্তেজনার পর চট্টগ্রাম বিমানবন্দরে আট মিনিটের কমান্ডো অভিযানে মারা যান ছিনতাইয়ের চেষ্টাকারী মাহমুদ পলাশ।