ভারতের নয়া দিল্লিতে চলছে শুটিংয়ের সর্বোচ্চ আসর আইএসএসএফ বিশ্বকাপ। ২০২০ টোকিও অলিম্পিক গেমসের কোটা প্রাপ্তির এই আসরে বড় স্বপ্ন নিয়েই অংশ নিচ্ছেন বাংলাদেশের শুটাররা। যদিও গতকাল পর্যন্ত বাংলাদেশের শুটারদের যা পারফরম্যান্স তাতে বলাই যায় অলিম্পিক কোটা দূর স্বপ্ন।
আগের দিন ১০ মিটার এয়ার পিস্তলে নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছিলেন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শাকিল আহমেদ। আর গতকাল হতাশ করেছেন রাইফেল শুটার আবদুল্লাহ হেল বাকি।
ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সেরা আটেও আসতে পারেননি গোল্ড কোস্টে দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ গেমসের রুপাজয়ী এই শুটার। ৬২৪.৭ স্কোর গড়ে বাছাই পর্বে ৯৫ জনের মধ্যে ৩১তম হয়েছেন বাকি।
এই ইভেন্টে অন্য দুই বাংলাদেশি শুটারের অবস্থা আরও নাজুক। রবিউল ইসলাম ৬১৮.৯ স্কোর গড়ে ৭৩তম এবং যুব অলিম্পিকে সরাসরি অংশ নেওয়া অর্ণব সারার লাদিফ ৬০৯ স্কোর নিয়ে হয়েছেন ৮৮তম। এর আগে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের উম্মে জাকিয়া সুলতানা ৬১৫.৩ স্কোর নিয়ে ৮৫তম এবং সৈয়দা আতকিয়া হাসান ৬০৯.৭ স্কোর নিয়ে ১০১ জনের মধ্যে ৯৯তম হয়েছেন।