পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের বিমান হামলায় কোনো ধরনের হতাহত হয়নি বলে জানিয়েছে পাক সেনাবাহিনী। তবে ভারতের দাবি, হামলায় সংখ্যক সন্ত্রাসী মারা গেছে।
আলজাজিরা জানায়, ভারতীয় বিমানবাহিনী আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে পাকিস্তান।
মঙ্গলবার ভোরে পাক-ভারত সীমানা নিয়ন্ত্রণ রেখার (এলওসি) নিকটস্থ এলাকায় কাশ্মীরে বোমা হামলা চালায় ভারত। পাকিস্তানও এ হামলার কথা স্বীকার করে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, ভোর ৪টার দিকে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে ১০০০ কেজি বোমা বর্ষণ করে।
পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার বার্তায় দাবি করেন, পাক বিমানবাহিনী দ্রুত ও কার্যকরী ব্যবস্থায় ধাওয়া খেয়ে ভারতীয় বিমান বালাকোটের কাছে কিছু সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি।
এদিকে ভারতের কৃষিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এক টুইটার বার্তায় দাবি করেন, পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। হামলায় সন্ত্রাসী ঘাঁটিসমূহ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।
একইভাবে দেশটির পররাষ্ট্র সচিব ভিকে গোখলে দাবি করেন, বালাকোটে জইশ ঘাঁটিতেে এ হামলায় বিপুল সংখ্যক সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এতে বেসামরিক লোকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এএনআই জানায়, এই আক্রমণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে পুলওয়ামা হামলার জন্য দায়ী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের কন্ট্রোল রুম আলফা থ্রি।
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় একটি বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালালে ৪৯ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সিআরপিএফ জওয়ান নিহত হন।
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ ভিডিও ও ছবি শেয়ার করে ওই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় এ হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তান তা নাকচ করে দিলেও দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়।