সপ্তাহ জুড়ে বলিউডে আলোচনায় আছে, ‘সাওয়ারিয়া’র এক যুগ পর পরিচালক-অভিনেতা জুটি সঞ্জয় লীলা বানসালি ও সালমান খানের নতুন সিনেমা। জানা গেছে, একদম নতুন গল্পে হলেও সিনেমাটির টাইটেল হবে ‘হাম দিল দে চুকে সনম টু’।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সঞ্জয় সিনেমাটির গল্প লিখেছেন। সালমানের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন। ভাইজানও গল্প পছন্দ করেছেন।
সিনেমাটির নাম হতে পারে ‘হাম দিল দে চুকে সনম টু’। তবে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমানের হিট সিনেমার নামে হলেও সিক্যুয়েল বা রিমেক নয় এটি।
সঞ্জয়ের মতে, ‘হাম দিল দে চুকে সনম’-এর মতো হৃদয়গ্রাহী সব উপাদান আছে এ গল্পে। তাই ‘দ্বিতীয় কিস্তি’ আকারে মানানসই। তবে গল্প একদমই নতুন।
সূত্রটি আরও জানায়, সিনেমাটিতে সালমানের বিপরীতে প্রথম সারির কোনো নায়িকা থাকবেন। তবে এখনো কাউকে প্রস্তাব দেওয়া হয়নি।
‘হাম দিল দে চুকে সনম টু’র দৃশ্যায়ন শুরু হবে চলতি বছরের শেষ দিকে।
সালমানের পরের সিনেমা ‘দাবাং থ্রি’র শুটিং শুরু হবে মার্চের শেষ দিকে। কপ অ্যাকশন সিনেমাটির তৃতীয় কিস্তির পরপরই শুরু করবেন সঞ্জয়। মুক্তি পাবে ২০২০ সালে।
সঞ্জয়ের পরিচালনায় সালমান প্রথমবার অভিনয় করেন বিখ্যাত ‘খামোশি’ সিনেমায়। পরে তারা এক হন ‘হাম দিল দে চুকে সনম’ ও ‘সাওয়ারিয়া’র জন্য। অবশ্য পরের সিনেমায় সালমান ছিলেন অতিথি চরিত্রে।
সালমান-ঐশ্বরিয়াকে নিয়ে ‘বাজিরাও মাস্তানি’ নির্মাণের পরিকল্পনা ছিল সঞ্জয়ের। কিন্তু দুই তারকার ব্যক্তিগত সম্পর্কের অবনতির কারণে এক দশক পর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে নিয়ে নির্মিত হয় সিনেমাটি।