ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়াল ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে ছাত্রলীগের সাবেক নেতাদের একটি অংশ প্যানেল ঘোষণা করে। তবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমঝোতা হওয়ায় সংবাদ সম্মেলন করে সেই প্যানেল প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের আগের কমিটির সহসভাপতি বিদ্রোহী প্যানেলের ভিপি প্রার্থী সোহান খান এ ঘোষণা দেন।

তিনি বলেন, “গতকাল আওয়ামী লীগের নেতারা আমাদের ডেকেছিলেন। তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা তাদের কথায় সন্তুষ্ট। এজন্য আমরা ঘোষিত প্যানেল প্রত্যাহার করছি।”

এসময় তারা ছাত্রলীগ ঘোষিত প্যানেলকে জয়ী করার জন্য কাজ করারও ঘোষণা দেন।

পরে মধুর ক্যানটিনের সামনে বিদ্রোহী প্যানেলের সদস্যদের সঙ্গে সেলফি তোলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

জানতে চাইলে বিদ্রোহী প্যানেল থেকে জিএস প্রার্থী আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, “শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো বলেই প্যানেল করেছিলাম। আমরা যেহেতু পার্টি করি, ওপরের নির্দেশে প্যানেল প্রত্যাহার করেছি। আমাদের যে অভিযোগ ছিল, সেগুলো তারা দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।”

এর আগে সোমবার সংবাদ সম্মেলন করে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক সাধারণ শিক্ষার্থীদের পরিষদ’ ব্যানারে ছাত্রলীগের সাবেক নেতারা ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য বিদ্রোহী প্যানেল ঘোষণা করে।

এই প্যানেলে ভিপি পদে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহান খান, জিএস পদে জহুরুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল ও এজিএস পদে গত কমিটির কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. রনি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

বিদ্রোহী প্যানেল ঘোষণা হওয়ার পর আওয়ামী লীগ নেতাদের নজরে আসে। সোমবার রাতে সাবেক ছাত্রলীগ নেতাদের এই প্যানেলের নেতাদের নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বৈঠক বসেন।