দায়িত্ব পালন করতে না পারলে চলে যান: সিইসি

আসন্ন উপজেলা নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে চতুর্থ ধাপের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, “গা-ছাড়া অবস্থায়, ঢিলেঢালা অবস্থায়, হলো কি হলো না- এই মনোভাব নিয়ে দয়া করে নির্বাচন পরিচালনা করবেন না। আপনাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা অর্পিত আছে। আপনি আপনার উপজেলার নির্বাচন বন্ধ করে দিতে পারেন, একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিতে পারেন।”

“যতই প্রভাবশালী হোক না কেন, আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। তাকে জরিমানা করতে পারেন। তাকে জেলেও দিতে পারেন।’

তিনি বলেন, “আমরা কি বলেছি কখনো- আপনারা নির্বাচন সুষ্ঠু করবেন না। কোনো একটা প্রার্থীকে জিতিয়ে দেবেন, কোনো একটা দলের দায়িত্ব নিতে হবে- এ কথা কেউ বলেছে? তাহলে কেন মাথা উঁচু করে দৃঢ়তার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে পারবেন না? সুতরাং আমার কথা হলো পরিষ্কার, স্পষ্ট- নির্বাচন কমিশন আপনাদেরকে, একেকটা ব্যক্তিকে একেকটা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়।”

নূরুল হুদা আরও বলেন, “এখন যদি বলেন- বাপরে বাপ এ তো খুব প্রভাবশালী, ক্ষমতাশালী তাকে তো কিছু করা যাবে না। তাহলে দয়া করে নির্বাচনের দায়িত্ব থেকে চলে যান।”

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।