ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করাসহ ৪ দফা দাবি নিয়ে আবারও অনশনে বসেছেন ওয়ালিদ আশরাফ।
মঙ্গলবার বিকেল ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে অনশনে বসেন ওয়ালিদ আশরাফ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র তিনি।
জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বিভিন্ন হলে ছাত্রলীগের দখলদারিত্ব । এখনো হলে সহাবস্থান নিশ্চিত হয়নি। তাই ৪ দফা দাবিতে অনশনে বসেছি।
ওয়ালিদের অনশনস্থলের পাশে ঝুলিয়ে রাখা চারটি দাবিতে উল্লেখ করা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র খেলার মাঠ, আইইআর ভবন, টিএসসি ও সমাজকল্যাণ ইনস্টিটিউটে স্থানান্তর করা; মিডিয়া ও পর্যবেক্ষকদের নজরদারির অধিকার; সাম্যতা ও সহাবস্থানের পরিবেশ এবং ৪০ বছর পর্যন্ত প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া।
দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন করার ঘোষণা দিয়েছেন ওয়ালিদ আশরাফ। এর আগে ডাকসু নির্বাচনের দাবিতে দুই দফায় অনশন করেন তিনি। ২০১৭ সালে ১৫ দিন অনশন করে তিনি প্রথম আলোচনায় আসেন। গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চার দফা দাবিতে একই জায়গায় অনশনে বসেন তিনি। তবে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে তাকে সেখান থেকে উঠিয়ে দেয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ডাকসুর পরিবেশ ভালো। এই ভালো পরিবেশ নষ্ট করার জন্য কেউ কোনো ষড়যন্ত্রে লিপ্ত আছে কিনা দেখতে হবে।