রোমান ক্যাথলিক চার্চের অন্যতম প্রভাবশালী কার্ডিনাল জর্জ পেলকে শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন। ১৯৯০ সালের শেষের দিকে এক শিশুকে যৌন নিগ্রহ ও অন্য চার শিশুর সঙ্গে অসদাচরণের অভিযোগ আনা হয় ভ্যাটিকানের এই কোষাধ্যক্ষের বিরুদ্ধে। জর্জ পেল দীর্ঘদিন ধরেই পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। ২০১৮ সালের নভেম্বরে পেলের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা হচ্ছিল। প্রধান বিচারক পিটার কিডের নির্দেশে পেলের পাঁচ সপ্তাহব্যাপী বিচারপ্রক্রিয়া মিডিয়ায় প্রকাশ করা হয়নি।
পেলের হাতে নিগ্রহের শিকার কয়েকজন আদালতে বিচারকদের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তবে নির্যাতনের শিকার দ্বিতীয় ব্যক্তি আগেই মারা যাওয়ায় তার জবানবন্দি পাওয়া যায়নি। মেলবোর্নের আর্চবিশপ থাকাকালীন পেল ওই নিগ্রহের ঘটনা ঘটান। নির্যাতনের শিকার এক ব্যক্তি আদালতের সামনে বলেন, ‘ওই ঘটনার পর লজ্জা, একাকিত্ব আর হতাশা আমাকে পেয়ে বসে। অনেকের মতো আমারও এ অবস্থা কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে।’ তবে এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন পেল। গতকাল মঙ্গলবার তার আইনজীবীরা জানান, তারা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।