ক্লাসিকোতে শেষ হাসি কার

এল ক্লাসিকোর কোনো বিকল্প হয় না। আর তা যদি কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল হয় তাহলে তো কথাই নেই! তবু আজ কোপা দেল রে’র সেমিফাইনালে কী যেন কী নেই। অবশ্য যা আছে তাই বা কম কিসে?

ইনজুরির কারণে লিওনেল মেসিও তো না খেলতে পারতেন। তাহলে আর সেই কবে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য হা-হুতাশ কেন? এই প্রশ্নের সহজ কোনো উত্তর হয় না। এল ক্লাসিকো আর মেসি-রোনালদোর দ্বৈরথ সমার্থক হয়ে গিয়েছিল বলেই হয়তো বার্সেলোনা-রিয়াল মুখোমুখি হলেই অন্যরকম আবহ তৈরি হতো। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে যেটা নেই। আছে মেসি নামের ফুটবল জাদুকরের গোল করার অনন্ত সম্ভাবনা। আছে ঘরের মাঠে রিয়ালের প্রতিশোধের সুযোগ। আছে অন্য কারও নায়ক হয়ে ওঠার মঞ্চ। আর আছে ম্যাচ জিতে কোপা দেল রে’র ফাইনালে ওঠার নিশ্চয়তা। এমন ক্লাসিকোতে শেষ হাসি কে হাসবে? কেউ বলছেন রিয়াল। তো কেউ বাজি ধরছেন বার্সাকে নিয়ে।

এই টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে রিয়াল অবশ্য নিজেদের শক্তি দেখিয়েছে। ন্যু ক্যাম্পে তারা ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল। সেই ম্যাচে বার্সেলোনার প্রাণভোমরা মেসি পুরো সময় খেলেননি। আজ তিনি খেলবেন। স্যামুয়েল উমতিতিও সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন। হাঁটুর ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে ছিলেন। পায়ের মাংশপেশিতে টান ধরায় খেলতে পারবেন না গোলকিপার ইয়াসপার সিলেসেন। লস ব্ল্যাঙ্কসরা তাদের অধিনায়ক সার্জিও রামোসকে আজ পাচ্ছে না। দুটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ আছেন তিনি। খেলতে পারবেন না ইসকোও। কোপা দেল রে’র পরিসংখ্যানে এগিয়ে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৭৩ বার মুখোমুখি হয়েছে দু’দল। বার্সা জিতেছে ১১৩ বার। আর ৯৯ বার রিয়াল। ৬১ বার দু’দলের খেলা ড্র হয়েছে।