আবাহনী-মোহামেডান ‘অসম’ দ্বৈরথ আজ

এক দলের শোকেসে শোভা পাচ্ছে ছয়-ছয়টি পেশাদার লিগ শিরোপা। আর অন্য দলটির শোকেস একেবারেই ফাঁকা। প্রথম দলটি চলতি আসরেও পরিগণিত হয়েছে অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে। আর পরেরটি রীতিমতো লিগে টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। প্রথমটি আবাহনী। আর পরেরটি মোহামেডান। দেশের ফুটবলে সবচেয়ে সফল দলের নাম এখন আবাহনী। আর মোহামেডান শুধু টেনে চলছে ঐতিহ্যেও ভার। পরাশক্তির তকমা সেই কবেই ঝরে গেছে তাদের গা থেকে। এই দু’দলের মুখোমুখি লড়াইকে এখন আর সেয়ানে-সেয়ান লড়াই বলা যায় না। আজ তেমনই এক অসম লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে শুরুর দিনে আজ অন্য ম্যাচে শেখ জামাল খেলবে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। দুটি ম্যাচই হবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

শিরোপাধারী তকমা নিয়ে আবাহনী খেলছে চলতি লিগ। গত ১০টি আসরে দু’দল মুখোমুখি হয়েছে ২১ বার। আবাহনী জিতেছে নয়টিতে, হেরেছে চারটি আর ড্র হয়েছে আট ম্যাচ। সর্বশেষ চারবারের দেখায় প্রতিটিতেই আবাহনী হারিয়েছে মোহামেডানকে। আর চিরশত্রুদের বিপক্ষে সাদাকালোদের সর্বশেষ জয় ২০১৫ সালের মার্চে নবম আসরের প্রথম পর্বে।