সরকারের নির্দেশনা পেলে পুরান ঢাকার ঠিকানায় রাসায়নিক আমদানি বন্ধ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।গতকাল রাজস্ব ভবনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নেওয়া সেরা ভ্যাট দাতা ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।মোশাররফ হোসেন বলেন, বাণিজ্যমেলায় ভ্যাট আদায় নতুন দৃষ্টান্ত স্থাপন করল। রাজস্ব আহরণে ভ্যাটের অবদান ৩৫ ভাগ। এই সম্মাননা ব্যবসায়ীদের ভ্যাট প্রদানে উৎসাহ দেবে। এবার রাজস্ব আহরণে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা সম্পন্ন করা অবশ্যই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। অনুষ্ঠানে ১০ প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- হাতিল কমপ্লেক্স, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, এসকোয়ার ইলেট্রনিকস, র্যাংগস ইলেকট্রনিকস, বাটার ফ্লাই মার্কেটিং, আরএফএল ইলেকট্রনিকস, ফেয়ার ইলেকট্রনিকস, ডিউরেবল প্লাস্টিক, নাভানা ফার্নিচার ও রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ। এবারের বাণিজ্য মেলায় দেশি-বিদেশি মিলে ৫৬৯ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা থেকে সরকারের রাজস্ব এসেছে ৭ কোটি ১ লাখ টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি টাকা। এর আগের বছর আয় হয় ৫ কোটি টাকা।
ঢাকা পশ্চিমের কমিশনার ড. মইনুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য, এফবিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, এনবিআরের সদস্য শাহনাজ পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।