মঙ্গলবার রাতে অনলাইনে উন্মুক্ত হয় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সাপলুডু ছবির টিজার। এদিন নিজের ফেসবুকে টিজারটি আপলোড করে আরিফিন শুভ লিখেছেন ‘খেলা হবে’। সেই পোস্টের নিচে শুভর ভক্তরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন টিজারটির।
পরিচালক গোলাম সোহরাব দুদুলের এটাই প্রথম সিনেমা। ছবির টিজার প্রকাশের আগে ছবির কোনো লুক প্রকাশ করা হয়নি। শুটিং তো দূরের কথা, অভিনয়শিল্পীদের গেটআপের ছবিও প্রকাশ হয়নি কোথাও। ফলে ফাস্টলুক প্রকাশের সঙ্গে সঙ্গেই হুমড়ি খেয়ে পড়ে শুভ-মিমের ভক্তরা।
জয় বড়ুয়া নামের একজন ফেসবুকে মন্তব্য করেছেন, ‘সাপলুডুর টিজার বেশ ভালো লেগেছে। কমপ্যাক্ট ছিল। আরিফিন শুভ'র এ রকম স্ক্রিপ্টে কাজ করা উচিত। রোমান্টিক, সামাজিক ছবিতে কেমন জানি ওরে ন্যাকা ন্যাকা লাগে। ওর চেহারায় রাফ এন্ড টাফ একটা ভাব আছে। জাহিদ হাসান,তারিক আনাম খান,সালাউদ্দিন লাভলু,বিদ্যা সিনহা মিম সবাই ভালো অভিনেতা। কমার্শিয়ালে তাঁদের দরকার আছে। কালার ভালো ছিল কিন্তু এডিটিং আরও ভালো করা যেত।বিজিএম মোটামুটি। শুভ'র গানের ভাগ্য ভালো সে হিসেবে ভালো মিউজিক আশা করা যায়। সিনেমায় নতুন হলেও দুদুল সাহেব বেশ অভিজ্ঞ একজন পরিচালক। নির্মাণ ভালো হবে আশা করেছিলাম।ট্রেলার দেখে আশাটা অক্ষুণ্ন আছে।আশা করি পুরো ফিল্মে নিরাশ করবেন না।’
সাপলুডুর শুটিং হয়েছে মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, লামা ও কক্সবাজারে। থ্রিলার ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন, তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।