প্রধানমন্ত্রীর কথায় নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি : বাদল

‘প্রধানমন্ত্রী আমাদের নিজের পায়ে দাঁড়াতে বলেছেন। ভালোই হয়েছে, একটু পা কাঁপলেও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি।’ গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদল।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে মইনউদ্দীন খান বাদল বলেন, আমার মনে হচ্ছে আমরা অনেক জায়গায় সংবিধান লঙ্ঘন করছি কি নাÑএটা আপনাকে বিবেচনা করে দেখতে হবে। সংসদকে সব কিছুর কেন্দ্রবিন্দু করতে হলে সংসদ সদস্যদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। রাষ্ট্রের সম্পদ সব উচ্চবৃত্তের হাতে হস্তান্তরিত হচ্ছে। আমরা সমাজকে এমনভাবে এগিয়ে এনেছি এক টাকা চুরি করলে বলি চোর। আর একশ কোটি টাকা চুরি করলে বাপের ব্যাটা! খালেদা জিয়া দুর্নীতির মামলায় ৫৮ বার সময় চেয়ে পেয়েছেন। আমি মামলা খেলে কতবার সুযোগ দেওয়া হয় দেখব। আমাদের দেশে একটি দুষ্টচক্র সৃষ্টি হয়েছে। এই দুষ্টচক্রের গ্রন্থিতে প্রচণ্ড আঘাত হানা উচিত এবং এখনই আঘাত হানতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বাদল বলেন, বঙ্গবন্ধু আমাদের গৌরব, এই গৌরবকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনিই শেষ ভরসা। আপনাকে প্রশংসা করার জন্য নয়, গণতন্ত্রকে সুসংহত ও সুদৃঢ় করার জন্যই নয়, সবকিছুর জন্য আপনিই ভরসা।