গুলিস্তানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের কাছে এই ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন। তার নাম কামাল (৩৫)।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, মাদক কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এসআই জানান, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী কামাল বলে শনাক্ত করা হয়। তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।