২০২১ সালে ‘হোটেল ট্রানসিলভেনিয়া ফোর’

সোমবার অস্কারের মঞ্চে সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কারটি গেছে সনি পিকচার্সের ঘরে। এর পরপরই এলো গেন্ডি টারটাকোভস্কি হিট সিনেমা ‘হোটেল ট্রানসিলভেনিয়া’র চতুর্থ কিস্তি মুক্তির ঘোষণা।

ভ্যারিটি ডটকমের এক প্রতিবেদনে জানা যায়, বড়দিনের মৌসুমে ২০২১ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘হোটেল ট্রানসিলভেনিয়া ফোর’। যদিও সিনেমাটির গল্প সম্পর্কে কোনো তথ্য প্রকাশ হয়নি।

সনির এমন ঘোষণায় অবাক হওয়ার কিছু নেই। মূল চরিত্রে অ্যাডাম স্যান্ডলার কণ্ঠ দেওয়ার সিনেমাটি তিন কিস্তি মিলিয়ে আয় করেছে ১৩০ কোটি ডলারের বেশি।

২০১৮ সালে মুক্তি পায় তৃতীয় পর্ব ‘হোটেল ট্রানসিলভেনিয়া থ্রি: সামার ভ্যাকেশন’। বিশ্বব্যাপী সাড়ে ৫২ কোটি ডলারের বেশি আয় করে নতুন রেকর্ড গড়ে সিনেমাটি। এতে আরও কণ্ঠ দেন সেলিনা গোমেজ, ক্যাথরিন হন, অ্যান্ডি সামবার্গ, কেভিন জেমস ও ফ্রান ড্রেঞ্চার।

‘হোটেল ট্রানসিলভেনিয়া’র মূল চরিত্র অসুখী ড্রাকুলা। যে কিনা দৈত্য-দানবদের জন্য অভিজাত একটি হোটেল চালায়। তার অতিথিদের মধ্যে রয়েছে ফ্রাংকেনস্টাইন ও স্ত্রী, ওয়ারউলফ, অদৃশ্য মানুষ ও হ্যাঞ্চব্যাকের মতো সাহিত্য জগতের অস্বাভাবিক কিছু চরিত্র।

৯১তম অস্কারের মঞ্চে সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার পায় ‘স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’। ৯ কোটি ডলার বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৩৬ কোটি ডলার।