‘মেসি ভিন্ন গ্রহের’

দারুণ ফর্মে থাকা বার্সেলোনা তারকা লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ক্লাবটির সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার রাফায়েল ফন ডার ভার্ট। তার মতে, পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে থামানোর মতো কেউ নেই।

চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন মেসি। গত শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ৪-২ গোলের রোমাঞ্চকর জয়ে হ্যাটট্রিক করেন ৩১ বছর বয়সী এই খেলোয়াড়। এই নিয়ে স্পেনের শীর্ষ লিগে তার হ্যাটট্রিক দাঁড়িয়েছে ৫০টি। আর চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তার গোল দাঁড়িয়েছে ৩২ ম্যাচে ৩৩টি!

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটিতে সবার নজর থাকছে মেসির উপর।

গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে বার্সেলোনা অধিনায়ক মেসিকে প্রশংসায় ভাসালেন ভার্ট, “সে অন্য গ্রহের খেলোয়াড়। আমি তাকে সেভিয়ার বিপক্ষে দেখেছিলাম। তাকে রোখা অসম্ভব। আমি এমনটাই মনে করি। কারণ তাকে মাঠের সব জায়গায় দেখা যায়।”

“সে বল নিয়ে দ্রুত দৌড়ায় এবং টেকনিকও কাজে লাগায়। আপনি তাকে রুখতে পারবেন না।”

কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে রিয়ালের সঙ্গে ১-১ গোল ড্র করেছিল বার্সেলোনা। ফিরতি লেগেও কাতালান ক্লাবটি ভালো কিছু করে ফাইনাল নিশ্চিত করবে বলে বিশ্বাস ভার্টের।