কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি করা হয় বলে জানান বিএনপির চেয়ারপারসনের আইনজীবী কায়সার কামাল। গণমাধ্যমকে তিনি জানান, এর আগে এ মামলায় কুমিল্লার বিচারিক আদালতে গত ৪ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিনের আবেদন না-মঞ্জুর হয়।
বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতাল চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহন নামে একটি নৈশকোচে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আটজনের মৃত্যু হয়।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ৭৭ জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে কুমিল্লার সংশ্লিষ্ট বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
উল্লেখ্য, দুর্নীতির দুটি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়া বর্তমানে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।