দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় সুনামগঞ্জের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল নেত্রীসহ ছয়জনকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃতরা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, আনিসুল হক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ (সাজন), সুনামগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়ক মদিনা আক্তার, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক আয়েশা আক্তার ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলাল।
এর মধ্যে ফারুক আহমদ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, আনিসুল হক তাহিরপুর উপজেলা ও হারুনুর রশিদ দুলাল বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।