সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যমুনা সেতুর ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ লাখ টাকা ঘুষের মামলার তদন্তে বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। কমিশনের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে সকাল সোয়া ১০টা থেকে দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করছেন। নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৪ ফেব্রুয়ারি তার ধানমন্ডির বাসার ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত ২০০৮ সালের ১৮ জুন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
মামলায় যমুনা বহুমুখী সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মর্গানেট ওয়ান লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের কাছ থেকে ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ১৯টি চেকের মাধ্যমে ৬ লাখ টাকা ঘুষ নেন।
এ ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন।