অনভিজ্ঞদের ওপরই আস্থা মাহমুদউল্লাহর

অনেকে মাহমুদউল্লাহ রিয়াদকে এখন বলেন জাত অধিনায়ক। কিন্তু যতবারই তিনি বাংলাদেশকে মাঠে নেতৃত্ব দিয়েছেন তা ঘটনাক্রমে। আগের চার টেস্টের দুটিতে হার, একটি জয় এবং একটিতে ড্র। এবার নিউজিল্যান্ডে সংখ্যাটা তিন টেস্টের যোগফলে সাতে নিয়ে যাওয়ার সুযোগ। কিন্তু পুরোপুরি বিরুদ্ধ নিউজিল্যান্ডে তার দলের অবস্থাই যে ভালো নয়!মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম বৃহস্পতিবার হ্যামিল্টনের সেডন পার্কে খেলতে পারবেন না। ইনজুরি। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান দেশটিতেই যেতে পারেননি। ফাস্ট বোলার তাসকিন আহমেদেরও একই পরিণতি। মোহাম্মদ মিঠুনের ইনজুরি ভোগাচ্ছে। এবার যেন অনভিজ্ঞ একটা বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে তার আশা, সুযোগ পাওয়া তরুণরা প্রাণ দিয়ে অভিজ্ঞদের সহযোগিতা করবে।

‘সে (মুশফিক) ভালো হয়ে উঠছে। কিন্তু সত্যি কথা হলো প্রথম টেস্টে তাকে আমরা পাচ্ছি না।’ গতকাল মাহমুদউল্লাহ বলছিলেন, ‘মুশফিকের সঙ্গে সাকিব আল হাসানও তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন। তাদের ছাড়া সেরা কম্বিনেশন তৈরি করাই খুব কঠিন। আমার আশা, যারা তাদের জায়গায় খেলবে তারা সুযোগটাকে কাজে লাগিয়ে পারফর্ম করে দেখাবে।’সেডন পার্ক ব্যাটিং ভালো হয়। কিন্তু ওখানকার মাটি, ঘাস, আবহাওয়া তো পেসারদের বন্ধু। ঝামেলা হলো বাংলাদেশের পেস আক্রমণের নেতা কে হবেন? মোস্তাফিজুর রহমান দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার হলেও টেস্টে এখনো রেকর্ড ভালো না। আবু জায়েদ রাহী মোটে তিনটি খেলেছেন। খালেদ আহমেদের অভিজ্ঞতায় একটি। ইবাদত হোসেনের এখনো টেস্ট অভিষেকের অপেক্ষা।মাহমুদউল্লাহর এই তরুণদের ওপর ভরসা রাখা ছাড়া উপায় নেই, ‘রাহী আমাদের সেরা ফাস্ট বোলার। যে কয়টা ম্যাচে খেলেছে ভালো করেছে। আমাদের নতুন প্রতিভা ইবাদত হোসেন আছে। খুব গতিতে বল করতে জানে। আর আমাদের তো মোস্তাফিজুর আছেই। প্রত্যেকের সামর্থ্য রয়েছে। আমাদের এখন পরিকল্পনাটা মাঠে কাজে লাগাতে হবে।’মোস্তাফিজকেই ক্যাপ্টেন পেস ব্যাটারির নেতা মানছেন, ‘মোস্তাফিজুরের ব্যাপারে সত্যি বলতে সবাই জানে। ১২ টেস্টে ২৭ উইকেট তার সামর্থ্যরে কথা বলে না। সে আরও ভালো পারফর্ম করতে মুখিয়ে আছে।’