ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, পথচারীদের চলাচল নির্বিঘœ করতে ফুটপাত থেকে হকার উচ্ছেদ শুরু হয়েছে। জনগণের পথচলার পরিবেশ সুন্দর না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
গতকাল বুধবার নগর ভবনে ডিএসসিসি আয়োজিত ‘মাদক, সন্ত্রাস ও অবৈধ দখলমুক্ত করতে করণীয় নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘শুধু নগর ভবনের আশপাশের এলাকায় প্রায় সাড়ে তিন হাজার হকার ছিল। যাদের কারণে মানুষ বাধ্য হয়ে সড়ক ব্যবহার করত। আমরা পথচারীদের চলাফেরা নির্বিঘœ করতে হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। অবৈধ দখলদারদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘রমজানে মানবিক কারণে ফুটপাতে বসার সুযোগ দেওয়া হয়েছিল। তারা এ সুযোগ কাজে লাগিয়ে ফুটপাত ছাড়ছিল না। এখন তাদের উচ্ছেদের মাধ্যমে রাস্তা নিরাপদ ও নির্বিঘœ করতে চাই।’
চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরে মেয়র খোকন বলেন, ‘পুরান ঢাকায় যেসব বাড়িতে বা কারখানায় ঝুঁকিপূর্ণ কেমিক্যাল পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব কেমিক্যাল অপসারণে বৃহস্পতিবার থেকে অভিযান শুরু হবে।’
মেয়রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল ও ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলররা।