মাঝে মাঝে অ্যান্টি-ন্যাশনাল হওয়া ঠিক আছে: অমর্ত্য সেন

অমর্ত্য সেন বললেন, মাঝে মাঝে অ্যান্টি-ন্যাশনাল হওয়া ঠিক আছে। ভারতের লোদি এস্টেটে আলিয়ঁস ফ্রঁসেজের মিলনায়তনের এক অনুষ্ঠানে বুধবার এ কথা বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

অমর্ত্য সেন বলেন, ‘‘মাঝে মাঝে অ্যান্টি-ন্যাশনাল হওয়া ঠিক আছে। রাষ্ট্রই আমাদের একমাত্র পরিচিতি নয়। আমাদের নানা রকম পরিচিতি থাকে। জীবনযাত্রার জন্য সেগুলো ভীষণভাবে জরুরি।’’

নরেন্দ্র মোদির শাসনামলে অর্থনীতির অবনতি নিয়ে একটি বই প্রকাশের অনুষ্ঠানে সাম্প্রতিক ভারত নিয়ে কথা বলেন অমর্ত্য সেন। আরও ছিলেন বুদ্ধিজীবী গোপালকৃষ্ণ গান্ধী ও শিক্ষক জোয়া হাসান।

মোদি সরকারের নানা প্রকল্প ও বিশেষ করে তাদের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন অমর্ত্য সেন। নোট বাতিলকে মজা করে ‘পি সি সরকারের ম্যাজিক’ বলে আখ্যা দেন। বলেন, “সকলের জন্য ন্যূনতম আয়ের প্রকল্পেও দারিদ্র্য সমস্যার সমাধান হবে না। কারণ সমস্যাটা টাকার অভাবের নয়, সমাজের।”

উগ্র হিন্দুত্ব নিয়ে কথা উঠলে জানান, তিনি হিন্দুত্ব-বিরোধী নন। জানান, তার নামে প্রথম প্রকাশিত বই ছিল ‘হিন্দুইজম’। মূলত নানা ক্ষিতিমোহন সেনের লেখা অনুবাদ করেছিলেন তিনি।

সংখ্যালঘুদের সঙ্গে সহাবস্থান সম্পর্কে ধর্মগুরু কবীরের উদাহরণ দিয়ে বলেন, “সংখ্যালঘুর মত সুন্দরভাবে বোঝাতে পারলে তা সংখ্যাগুরুরও মত হয়ে উঠতে পারে।”