চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প-কিমের সম্মেলন

কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যকার সম্মেলনে।

বিবিসি জানায়, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুই দিনের এ সম্মেলনে ট্রাম্প ও কিম কোনো ধরনের দ্বিপাক্ষিক চুক্তিতে পৌঁছতে পারেননি বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রতিনিধি সারাহ স্যান্ডার্স জানান, বৈঠকে কোনো ধরনের চুক্তিতে পৌঁছতে পারা যায়নি। তবে ভবিষ্যতে দুই দেশের প্রতিনিধি কমিটি এ নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

দ্বিপাক্ষিক এই বৈঠকে কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে জানায় হোয়াইট হাউস।  তবে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তির ঘোষণার প্রত্যাশা করা হচ্ছিল।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের কিম বলেন, চুক্তি করতে ইচ্ছুক না হলে, এখানে আমার উপস্থিতি থাকত না।

বুধবারে দুই দিনব্যাপী ট্রাম্প-কিমের মধ্যকার এ শীর্ষ বৈঠক শুরু হয়। এর আগের বৈঠকটি হয়েছিল গত বছরের জুনে সিঙ্গাপুরের স্যান্টোসা দ্বীপে।

আট মাস আগের সেই বৈঠকটি ছিল কিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম বৈঠক।