মালায়ালাম সিনেমার রিমেকে একসঙ্গে শাহরুখ-অক্ষয়

দুই যুগের বলিউড ক্যারিয়ারের কোনো সিনেমায় সমান্তরাল চরিত্রে দেখা যায়নি শাহরুখ খান ও অক্ষয় কুমারকে। অল্প সময়ের জন্য তারা মুখোমুখি হন দিল তো পাগল হ্যায় ও হেই বেবি সিনেমায়। তাও এক যুগ আগের কথা। তবে ভক্তদের আগ্রহ রয়েছে কবে পুরো সিনেমা করবেন দুই তারকা।

কিছুদিন আগে এক প্রশ্নের উত্তরে শাহরুখ জানান, অক্ষয়ের মতো নিয়মানুবর্তী নন তিনি। তাই শিডিউল মেলানো কষ্টকর। তবে ভালো গল্প পেলে ভেবে দেখবেন।

এবার ডিএনএ ইন্ডিয়া জানাচ্ছে, পুরোদস্তুর সমান্তরাল চরিত্রে পাওয়া যেতে পারে শাহরুখ-অক্ষয়কে। তাও আবার মালায়ালাম সিনেমার রিমেকে।

নিজের হিট সিনেমা ‘কদাথি সামাক্ষম বালাম ভাকেল’-এর হিন্দি নির্মাণের পরিকল্পনা করেছেন বি আন্নিকৃষ্ণান। এতে চাইছেন শাহরুখ ও অক্ষয়কে।

চলতি ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া মূল সিনেমাটিতে অভিনয় করেছেন দিলীপ, মমতা মোহনদাস ও প্রিয়া আনন্দ। সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে।

নির্মাতা জানান, প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম সিনেমাটি রিমেকের কথা ভাবছে। পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তারা বলিউডের দুই তারকার সঙ্গে কথাও বলেছেন।

শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার বিপরীতে ‘জিরো’তে। এর পর নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি। তবে শোনা যাচ্ছে ‘ডন থ্রি’ নিয়ে হাজির হতে পারেন।

অন্যদিকে একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া অক্ষয়কে সামনে দেখা যাবে ‘কেসারি’তে।