ভাষানটেকে আগুন লাগা বস্তির পাশের ডোবায় ২ শিশুর লাশ

রাজধানীর ভাষানটেকে আগুন লাগা জাহাঙ্গীর বস্তির পাশে একটি ডোবা থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, বুধবার দিবাগত রাত ১টা ৩৪ মিনিটে মিরপুরের ভাষানটেক সিআরপি হাসপাতালের পেছনে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে খবর পেয়ে দুপুর ১২টার পর ঘটনাস্থলের পাশের একটি ডোবা থেকে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে একজনের বয়স ৬ মাস ও অন্যটির বয়স সাত বছর হবে।

ওই বস্তিতে ১ লাখ লোক বাস করতেন বলে জানা গেছে। আগুন পুরোপুরি নিভে গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।